Navigation

Showing posts with label Mongoose. Show all posts
Showing posts with label Mongoose. Show all posts

Tuesday, December 17, 2013

আকাশমনি গাছে মৌচাক

বাগানের পাশে রাস্তার ধারে আকাশমনি গাছে (নাম:-Earleaf Acacia.
বৈজ্ঞানিক নামঃ-Acacia auriculiformis) মৌমাছিরা  মৌচাক বেঁধেছে, বেশ কিছুদিন হল। আকাশমনি গাছ এ দেশি নয়। বলা হয়, এই গাছের শিকড় নাকি মাটির ভিতরে জলের স্তর নামিয়ে দেয় অনেকখানি। দ্রুত বনসৃজনের উদ্দেশে, বনদপ্তর থেকে এই গাছ লাগানো হয়েছে অনেক জায়গায়।যাই হোক আমার বাগানের পাশে, এই গাছটাতে মৌমাছিরা চাঁক বাঁধে প্রতিবার। ভাবতে ভাল লাগে, এর মধুতে হয়তো আমার বাগানের সুগন্ধ রয়েছে।

শতদল পদ্মে ফুল ফুটেছে, সেখানে অনেক প্রজাপতি আর মৌমাছি। খুব সুন্দর গন্ধ এ ফুলের, মধুও অনেক। তাই তো মৌ-লোভীদের এত আনাগোনা !





আজও বেজির ছবি তুলেছি। একাই ঘুরছিল। আমি Camera তাক করাতে, প্রথমে অবাক হয়ে আমাকে দেখল, তারপর তুরতুর করে পালাল। এবার শীতে এরা বড় বেশী দুষ্টমি করছে, গাছের উপর দিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে, ছোট ছোট চারা গাছগুলো দিচ্ছে ভেঙ্গে।


আজ বুলবুলি পাখির ছবি তুলেছি। আম গাছে ছিল, পরে মেহগনি গাছে এসে বসল। খুব চঞ্চল এরা, কিছুতেই স্থির ভাবে বসেনা। তাই ছবি তুলতেই পারিনা। আজ পেরেছি। একটা ডালে বসে, অন্যটা ওড়ার তালে। মেহগনি গাছটার ডাল শীতকালে কেটে দিই। এখানে মাটির জোর কম। গাছ ছোট থাকলে, বর্ষায় পড়ে যাবেনা, আর এখন কাটলে, শুকনো পাতা পড়ে বাগান নোংরা হবেনা।

Lilium ফুটেছে আজও। কিন্তু এর অন্য ফুল গুলো ফুটলো না ! 

Friday, November 29, 2013

বাগান ঘিরে আছে যারা..


 বাগানে পাখির কূজন
যাদের প্রাণের চঞ্চলতা ছড়িয়ে আছে, এই বাগানে- যারাই এর সত্যকার স্পন্দন, আজ তাদের সাথে পরিচয় করি আমরা।
বাগানে আজ বেজি (Mongoose) পরিবারকে আবার  দেখলাম। শুধু একজনেরই ছবি তুলতে পেরেছি। খুব ভাল লাগে ওদের খেলাধুলা দেখতে। একবার ওদের বাচ্চাটা পদ্মের পুকুরে পড়ে গিয়েছিল, জলের ভিতর একটা লাঠি আড়াআড়ি ভাবে দিতে, সেটা বেয়ে উঠে এল। তার আগে ওর মা-বাবার কি দৌড়াদৌড়ি! তাই দেখেই তো আমরা জানলাম, কিছু একটা হয়েছে। জল থেকে উঠে একছুটে মায়ের কাছে। সব বাচ্চারাই একরকম !
আমার এই ছোট্ট বাগানকে ঘিরে প্রকৃতির  এত রকম প্রাণের স্পন্দন, শব্দের এত ছবি , এত সুর--  বড় আপনার আমার। কতরকম পাখি আসে, এখানে। যাদের ছবি তুলেছি, তারা ছাড়াও টুনটুনি, দোয়েল, বুলবুলি, দুর্গা টুনটুনি, মৌটুসকি, হলুদ পাখি আরও কত...



দোয়েল পাখি(Robin of Bengal)










মাছরাঙা(Kingfisher)






আমগাছে টিয়াপাখি(Parrot)








ঘুঘু (Columbidae)দম্পতি













মেয়ে কোকিল






এরা ছাড়া সাপ, ব্যাঙ, ফড়িং, প্রজাপতি, মৌমাছি এরাও আছে।আর আছে শালুকের মেঝলাতে রঙিন মাছ।
পদ্মের পুকুরে ডোড়া সাপ।






ফড়িং

Clematis ফুলের ওপর প্রজাপতি